ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের পাওনা টাকা নিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষে মো. হাদিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল রাত পৌনে ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পাশের ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদে ধার বাবদ এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। কিন্তু খাদেম মোল্লা এই টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এ ঘটনার জেরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কালিকচ্ছ বাজারে জড়ো হন। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে একজন নিহত ও আহত হন অন্তত ৩০ জন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান একজনের নিহত হবার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।