হামের উপসর্গ নিয়ে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামে ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৫ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ধরা পড়েছে আরো ৭৯৬ জনের। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬৫২ জন এবং হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১১৬ দিনে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জনের মধ্যে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। এ সময়ে ১৩ হাজার ৭০ জনের হাম শনাক্ত হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৬৪ জন, চট্টগ্রামে ১৬২ জন, বরিশালে ১১৫ জন এবং সিলেটে ৬৪ জন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৭৮৪ জন রোগী।