বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত ‘ব্লু স্কাই’ স্কুলে সাধারণ মানুষের সন্তানদের ভর্তি সহজ করতে ফি কমানোসহ বিভিন্ন সুবিধা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্কুলটি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মাঠের পাশে অবস্থিত স্কুলটি বাংলাদেশ বিমান বাহিনী পরিচালনা করে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পরিদর্শনের সময় স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমোডর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টারসের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান এবং ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠানটির টিউশন ফি অত্যন্ত ব্যয়বহুল। প্রধানমন্ত্রী তাকে স্কুলটি পরিদর্শন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত প্রতিষ্ঠানটির সুযোগ-সুবিধা কীভাবে বাড়ানো যায়, সাধারণ মানুষের সন্তানদের ভর্তি কীভাবে সহজ করা যায় এবং ব্যয় কীভাবে কমানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।’
পরিদর্শনকালে তিনি বলেন, ‘অটিজমে আক্রান্ত শিশুদের পড়ানোর ক্ষেত্রে একজন শিক্ষক সাধারণত পাঁচজনের বেশি শিক্ষার্থী সামলাতে পারেন না। কোনো কোনো ক্ষেত্রে একজন বিশেষায়িত শিক্ষককে একজন শিক্ষার্থীর দেখাশোনা করতে হয়। স্কুলটির কিছু শ্রেণীতে একজন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষকই রয়েছেন। এতে শিক্ষা ব্যবস্থার ব্যয় বেড়ে যাচ্ছে।’
ব্যয় কমানোর উপায় খুঁজে বের করার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘স্কুলের শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণ দিয়ে কীভাবে শিক্ষা কার্যক্রমে কাজে লাগানো যায়, সে বিষয়ে ভবিষ্যতে একটি পরিকল্পনা করা হবে।’ একই সঙ্গে স্কুলটিকে সরকারি সহযোগিতা দেয়ার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
স্কুলটির আধুনিকায়ন ও বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অটিজমের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. আ ন ম এহছানুল হক মিলন।