রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৬ জানুয়ারি। আজ সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিন দুপুরে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স রুমে ভর্তি উপকমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি শুক্রবার সি ইউনিট, ১৭ জানুয়ারি শনিবার এ ইউনিট, ২৪ জানুয়ারি শনিবার বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো বেলা ১১টা থেকে ১২টা ও বেলা ৩টা থেকে ৪টা—এ দুই শিফটে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কমিটির এক সদস্য বণিক বার্তাকে বলেন, ‘এ বছর সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেয়া হবে। এ ছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।’