সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামে সঞ্জীব সরকার (৩৮) নামে এক মাছচাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। দুর্বৃত্তরা সঞ্জীবকে হত্যা করে মরদেহ তার মাছের ঘেরের সামনে ফেলে রেখে গেছে।
আজ ভোরে উপজেলার ঠেকরা-দক্ষিণশ্রীপুর খেজুরতলা সড়কের বড় খালের মাথা সংলগ্ন একটি মাছের ঘেরের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সঞ্জীব সরকার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত প্রায় ৮টার দিকে সঞ্জীব সরকার বাবার সঙ্গে বাড়ি থেকে বের হন। পরে রাত ১০টার দিকে বাবা বাড়ি ফিরে এলেও সঞ্জীব আর ফেরেননি। অনেক সময় পার হলেও তার খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে গভীর রাতে স্থানীয় লোকজন সঞ্জীবের নিজস্ব মাছের ঘেরের সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।
নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে সঞ্জীব সরকারকে হত্যা করা হয়েছে। তারা বলছেন, অন্য কোথাও তাকে হত্যা করে ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার উদ্দেশে রাতের অন্ধকারে মরদেহ মাছের ঘেরের সামনে ফেলে রাখা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।