নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনের বিএনপি প্রার্থী নওশাদ জমির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলমকে শোকজ করা হয়েছে। তাদের মধ্যে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজে বাধা দেয়ারও অভিযোগ রয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মো. সায়েমুজ্জামানের স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক নোটিশ জারি করা হয়।
নওশাদ জমিরকে দেয়া নোটিশে বলা হয়, গত ২৩ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে পরিচালিত অভিযানে প্রার্থীর পক্ষে একাধিক লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়। করতোয়া ব্রিজের উভয় পাশে অনুমোদিত আকারের চেয়ে বড় (৬×৩ ফুট) ফেস্টুন স্থাপন করা হয় এবং সেগুলো অপসারণকালে প্রার্থীর নেতাকর্মীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজে বাধা দেন ও অসৌজন্যমূলক আচরণ করেন। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ফেসবুক আইডি রিটার্নিং অফিসারের কাছে দাখিল না করা এবং গভীর রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে অবৈধভাবে জমায়েত করার ঘটনাকেও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়।
আর সারজিস আলমকে দেয়া নোটিশে বলা হয়, গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত একটি নির্বাচনী জনসভায় তিনি তার নির্বাচনী জোটের প্রধানকে স্বাগত জানিয়ে তোরণ, বিলবোর্ড ও ব্যানার স্থাপন করেন। অথচ নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭(চ) অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী কেবল নিজ দলীয় প্রধানের ছবি ও প্রচার সামগ্রী ব্যবহার করতে পারবেন। নিজ দলীয় প্রধান ব্যতীত অন্য দলীয় প্রধানের ছবি ব্যবহার করে ব্যানার ও বিলবোর্ড স্থাপন করায় আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এ ছাড়াও রিটার্নিং কর্মকর্তার নির্দেশ অমান্য করে তিনটি তোরণ নির্মাণ করা হয়, যা নির্বাচনী আচরণ বিধিমালার বিধি ১৩(ক) লঙ্ঘনের শামিল। একইসঙ্গে ফেসবুক আইডি রিটার্নিং অফিসারের কাছে দাখিল না করেই নির্বাচনী প্রচার চালানো হচ্ছে, যা বিধি ১৬(ক)-এর লঙ্ঘন বলেও নোটিশে উল্লেখ করা হয়।