লোহার রেডিমেড সরঞ্জামে ঝুঁকছে ক্রেতা, ব্যস্ততা কমছে কামারপাড়ায়

চট্টগ্রামের মিরসরাই উপজেলার কামারপাড়ার কারিগরদের ব্যস্ততা কমছে।

প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে মিরসরাইয়ের কামারপাড়াগুলোতে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে আগের মতো ব্যস্ততা নেই। কামারপাড়ার কারিগরদের অভিযোগ, লোহার তৈরি রেডিমেড সরঞ্জামের দিকে ঝুঁকছে ক্রেতারা। ফলে কামারপাড়াগুলোতে আগের তুলনায় ব্যস্ততা কমে গেছে।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কামারপাড়াগুলোতে আগের মতো ব্যস্ততা নেই। উপজেলার মিঠাছড়া বাজারের পুরনো কামারপাড়া। বছরের অন্য সময়ের তুলনায় এখন এখানকার ব্যস্ততা কিছুটা বেড়েছে। চারদিকে আগুনের ঝলকানি আর টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। প্রায় অর্ধশত বছর ধরে মিঠাছড়া বাজারে চলে আসছে এ ঐতিহ্যবাহী কামার শিল্প। এখানে তৈরি হয় কোরবানির কাজে ব্যবহৃত দা, বঁটি, ছুরি, চাপাতি, চাকুসহ নানা ধরনের লোহার সরঞ্জাম। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সামগ্রী যাচ্ছে আশপাশের বিভিন্ন বাজারেও। তবে কাজ বেশি হলেও লাভ নিয়ে সন্তুষ্ট নন তারা। কামারদের দাবি, লোহা ও কয়লাসহ কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। অন্যদিকে শ্রমের তুলনায় মজুরি কম হওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কেউ বাবার হাত ধরে, কেউ দাদার পেশা হিসেবে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকিয়ে রেখেছেন এ শিল্প। আধুনিক প্রযুক্তির ভিড়েও এখনো ঐতিহ্য আঁকড়ে ধরে কাজ করে যাচ্ছেন তারা।

বারইয়ারহাট বাজারের কামার গলির সুজন সূত্রধর বলেন, ‘আগে দোকানে লোহার বিভিন্ন সরঞ্জাম তৈরি করতাম। কিন্তু এখন কুমিল্লা থেকে এনে রেডিমেড বিক্রি করি। বর্তমানে ছুরি আকারভেদে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। তবে এসব ছুরি অর্ডার দিয়ে তৈরি করতে গেলে প্রায় দ্বিগুণ দাম হবে।’

একই পাড়ার কারিগর সজীব সূত্রধর বলেন, ‘লোহা ও কয়লাসহ কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় এখন আগের মতো লাভ হয় না। ঈদুল আজহায় কিছুটা ব্যস্ততা থাকলেও বছরের অন্য সময়ে বসে সময় পার করতে হয়। এছাড়া এখন মানুষ রেডিমেডের দিকে ঝুঁকে পড়ায় আগের মতো ব্যস্ততা নেই।’

আরও