ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে মহাসড়কের মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। সেখান থেকে নিরাপদ স্থানে নিতে একটি লং ভেহিক্যাল এনে কাভার্ডভ্যানে রশি লাগানোর কাজ করছিলেন চালক ও হেলপার। এ সময় হঠাৎ ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।
এ ঘটনার পর আশপাশের লোকজন ও পুলিশ এসে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আরেকজন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, নিহত তিনজনের দুজন কাভার্ডভ্যানের চালক ও হেলপার। আরেকজন যাত্রীবাহী বাসটির চালক। তাদের নাম-পরিচয় এখনো ণিশ্চিত হওয়া যায়নি।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহনগুলো পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।