ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ জামিন আদেশ দেন।
এ আদেশের ফলে বিদিশার মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। আদালতে তার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ফজলুর রহমান খান ও আইনজীবী মাসুদ মিয়া।
রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। এর পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
আদালতের রায়ের দিন অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। সাজা পরোয়ানা থাকায় গত ২৫ আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশার বিরুদ্ধে ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি মামলাটি করেছিলেন ব্যবসায়ী মোশাররফ হোসেন।