বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ দুজন নিহত হয়েছে। নিহতদের একজনের পরিচয় পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের হামছায়াপুর এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের চাপায় ১ জন নিহত ও ৫ জন আহত হন। প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।
জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা হানিফ কোচ হামছায়াপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। বাস নিয়ে চালক পালিয়ে যাওয়ার পথে আরেকটি সিএনজিকে চাপা দেয়। এতে মোটর সাইকেলের দুই যাত্রী ও সিএনজির চার যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, একজন পুরুষ মারা গেছে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
অপরদিকে শাজাহানপুর উপজেলায় মহাসড়ক উন্নয়ন কাজে নিয়োজিত বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোটেম্পুর মুখোমুখি সংঘর্ষে গোলাম নবী (৬০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টার সময় চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) মারা যান। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক কালের খবর পত্রিকার সাব-এডিটর ছিলেন।
এ ঘটনায় অটোটেম্পুর চালকসহ চার জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গোলাম নবীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল।