আবহাওয়া অধিদপ্তর আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কবার্তা জারি করেছে। খবর বাসস।
এ সংক্রান্ত এক বিশেষ বুলেটিনে বলা হয়েছে, আজ বেলা ১১ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত আরেকটি বিশেষ বুলেটিনে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য ২ নং সতর্ক সংকেত জারি করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।