বাংলাদেশের সঙ্গে জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়তে আগ্রহী ভারত: দিনেশ ত্রিবেদী

হাইকমিশনার ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানান

ভারতের বর্তমান সরকার বাংলাদেশের সঙ্গে জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়তে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি। স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে স্পিকার বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কই ভারত-বাংলাদেশের মূল ভিত্তি হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা এবং স্বাধীন ও সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক আগামীতে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরো বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সবসময় নানা টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়ে গেছে। সময়ের সঙ্গে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপটও পরিবর্তিত হয়েছে।

তিনি জানান, বিগত ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সাজানো নির্বাচনের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করেছিল। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্রের পথযাত্রা সুগম হয়েছে। শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে কেবল সরকারকেন্দ্রিক সম্পর্ক ছিল বলে তিনি উল্লেখ করেন।

এ সময় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের বর্তমান সরকার দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়তে আগ্রহী। পারস্পরিক সম্পর্কের মাধ্যমে দুই দেশের মানুষের প্রত্যাশা পূরণে ভারত সরকার কাজ করে যাচ্ছে।

হাইকমিশনার ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানান। এছাড়া দুই দেশের মধ্যে সংসদীয় প্রতিনিধিদলের সফর বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। সাক্ষাতে উভয় প্রতিনিধি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও তাদের পুনর্বাসন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও