খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত আট যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাইদুর সরদার ছাইদ (২৫) পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আছাবুর সরদারের ছেলে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান হাফিজ জানান, বাসটি পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার দিকে আসছিল। পথে গুটুদিয়া এলাকায় পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে ভাঙাচোরা ইটের সড়কে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত ছাইদুর সরদার ছাইদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।