দেশ থেকে বহু টাকা কানাডার বেগমপাড়া, দুবাইসহ বিভিন্ন দেশে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘বহু টাকা দেশ থেকে কানাডার বেগমপাড়া, দুবাইসহ বিভিন্ন দেশে চলে যাচ্ছে। আন্ডার ভয়েস, ওভার ভয়েসসহ নানাভাবে যে কেউ চাইলেই খুব সহজেই বিদেশে টাকা পাঠাতে পারে। বিদেশে টাকা পাচার কঠোরভাবে দমন করতে হবে। এক্ষেত্রে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে।’
আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাস্টমস বিষয়ক সেমিনারে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। রাজস্ব সম্মেলন ২০২৩ উপলক্ষে 'বাংলাদেশ কাস্টমস: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সারথি' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড।
রাজস্ব আরো বাড়ানোর তাগিদ দিয়ে ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, আগের তুলনায় রাজস্ব অনেক বেড়েছে, কিন্তু রাজস্ব-জিডিপি অনুপাতে আমরা এখনো অনেক পিছিয়ে। এটা আরো বাড়ানো উচিত। বিশেষ করে আয়করে আমরা এখনো সফল হতে পারিনি। সেজন্য, রাজস্ব বিভাগের সক্ষমতা ও দক্ষতা আরো বাড়াতে হবে।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে অর্থনীতি, কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সারাবিশ্ব তার স্বীকৃতি দিচ্ছে, প্রশংসা করছে। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের প্রশংসা করছে। সেখানে দেশের ভেতরে কেউ কেউ এ নিয়ে প্রশ্ন তোলে, যা কোনোভাবেই কাম্য নয়। জাতি হিসেবে আমাদের আত্মসম্মানবোধ থাকা উচিত।
সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।