নওগাঁয় ভোটগণনা ও ফলাফল ঘোষণার আগেই এক প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরে দুপুর দেড়টার দিকে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনকে প্রত্যাহার (ক্লোজড) করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন। অভিযুক্ত নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপদ বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালেই নির্ধারিত ফলাফল শিটে প্রিসাইডিং কর্মকর্তা নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল দিয়ে রাখেন। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোটগণনা সম্পন্ন করে ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার কথা।
অভিযোগের বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে সময় লাগে। তখন সময় স্বল্পতা দেখা দিতে পারে। তাই কাজের সুবিধার্থে ও সময় সাশ্রয়ের চিন্তা থেকে স্বাক্ষর করে রেখেছিলাম। তবে এটি নিয়মসম্মত কি না, সে বিষয়ে আমার জানা নেই।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদিন জানান, ভোটগণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রের নির্বাচনী দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। সেইসঙ্গে নতুন একজন প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে।