যশোর থেকে ঢাকায় প্রভাতী ট্রেন চালুসহ ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছেন যশোরবাসী। গতকাল যশোর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ কর্মসূচি পালন করে বৃহত্তর যশোর রেলযোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। কর্মসূচি থেকে নেতারা জানান, এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে যশোর জংশনে অবরোধ করে রেল চলাচল বন্ধ করে দেয়া হবে। ছয় দফা দাবিগুলো হলো বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী আন্তঃনগর ট্রেন চালু, আন্তঃনগর ট্রেনে সাধারণ বগি বাড়ানো, দর্শনা-খুলনা ও বেনাপোল-যশোর রুটে ডাবল লাইন স্থাপন, বাসের চেয়ে কম ট্রেন ভাড়া, নিবন্ধনের বাইরে টিকিট এবং জ্যেষ্ঠ নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিটের ব্যবস্থা। কর্মসূচি শেষে জেলা প্রশাসক মো. আশেক হাসানের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। জেলা প্রশাসক যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।