টোটালগ্যাস বাংলাদেশ নামে পরিচিত প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের প্রায় শতভাগ শেয়ার কিনে নিচ্ছে এমজেএল বাংলাদেশ পিএলসির অঙ্গপ্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। শেয়ার অধিগ্রহণের জন্য সম্প্রতি কোম্পানি দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে এমজেএল বাংলাদেশ।
তথ্যানুসারে, টোটালগ্যাসের ৯৯ দশমিক ৯৯৫ শতাংশ শেয়ার কিনবে ওমেরা পেট্রোলিয়াম। এ শেয়ার অধিগ্রহণে কোম্পানিটির ব্যয় হবে ২২৭ কোটি টাকা, যা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। এর ফলে ওমেরা এলপিজির ব্যবসা আরো শক্তিশালী হবে। পাশাপাশি প্রিমিয়ার এলপি গ্যাসের বিদ্যমান অবকাঠামো ও ১৬ লাখ এলপিজি সিলিন্ডার ব্যবহারের সুযোগ পাবে কোম্পানিটি। এতে ওমেরা পেট্রোলিয়ামের এলপিজি খাতে আয় ও রাজস্ব বাড়বে।
এ বিষয়ে জানতে চাইলে ওমেরা পেট্রোলিয়ামের পরিচালক আজম জে চৌধুরী বণিক বার্তাকে বলেন, ‘দেশে বিনিয়োগ প্রসারের অংশ হিসেবে টোটালগ্যাসের বাংলাদেশে যে বিনিয়োগ ছিল ওমেরা তা কিনে নিয়েছে। এটা একটা নতুন বিনিয়োগ। ওমেরার সঙ্গে এই কোম্পানি এখন মার্জ হয়ে যাবে।’
ফরাসি কোম্পানি টোটালগ্যাস ২০০২ সালে বাংলাদেশে ব্যবসা শুরু করে। বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর প্রতিষ্ঠানটি দ্রুতই আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে এ খাতে বড় জায়গা করে নেয়। পরবর্তী সময়ে স্থানীয় প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ আমদানিনির্ভর এ বাজারে বিপুল বিনিয়োগ করার ফলে তাদের কাছে বাজার হারাতে থাকে টোটালগ্যাস।