মাইলস্টোনের আহতদের চিকিৎসায় ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই চিকিৎসক দল মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবে। তারা জরুরি চিকিৎসা সহায়তা দেয়ার পাশাপাশি প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়ার সুপারিশ করবেন। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে (২৩ জুলাই) ঢাকায় পৌঁছান সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তা করতে ঢাকায় এসেছেন ভারতের চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তারা রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশ করেন।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানিয়েছে, চার সদস্যের এই দলে আছেন দুইজন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ও দুইজন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স। তারা দিল্লির রাম মনোহর লোহিয়া ও সাফদারজং সরকারি হাসপাতালের চিকিৎসক। দুটি হাসপাতালই ভারতের অন্যতম প্রথিতযশা সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই চিকিৎসক দল মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবে। তারা জরুরি চিকিৎসা সহায়তা দেয়ার পাশাপাশি প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়ার সুপারিশ করবেন। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে (২৩ জুলাই) ঢাকায় পৌঁছান সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

এদিকে, দেশের বাইরে থেকেও বিভিন্ন পর্যায়ে সহায়তার প্রস্তাব আসছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। তিনি বলেন, ভারত, আমেরিকা, চীনসহ বিভিন্ন দেশে থাকা চিকিৎসকদের কাছ থেকে আমরা চিকিৎসা বিষয়ে পরামর্শ পাচ্ছি। এখন আমরা যেই চিকিৎসা প্রটোকল অনুসরণ করছি, সেটাকেই গুরুত্ব দিয়ে এগুবো। তবে যেকোনো ভালো পরামর্শ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা এখনো গুরুতর।

আরও