রাজশাহীর আমের বাজার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ আমের বাজার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আমহাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

গতকাল সকালে তিনি বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন।

হাট পরিদর্শনের সময় ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন। ব্যবসায়ী ও আমচাষীদের সঙ্গে কথা বলে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের আমের স্বাদ পরখ করে দেখেন তিনি।

স্থানীয় কৃষকরা জানান, রাজশাহীর আমের গুণগত মান ও স্বাদ বিশ্বব্যাপী পরিচিত। বিদেশী কূটনীতিকদের এ ধরনের পরিদর্শন দেশের কৃষিপণ্য রফতানির সম্ভাবনাকে আরো এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি জানান, রাষ্ট্রদূত হিসেবে এটি তার প্রথম রাজশাহী সফর। ২০২০ সালে একবার রাজশাহীতে এলেও এবার তিনি বিশেষভাবে আমের মৌসুমে এসেছেন। রাজশাহীর আমের অভিজ্ঞতা নিতে পেরে তিনিও আনন্দিত।

বাংলাদেশের আম রফতানির সম্ভাবনা বাড়াতে হিমাগার ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘সারা বছর আম সংরক্ষণ ও রফতানি বাড়াতে দেশের হিমাগার ব্যবস্থা আরো উন্নত করা প্রয়োজন।’

আরও