বগুড়ায় ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে ক্যাশিয়ারের মরদেহ উদ্ধার

নিহত ইকবাল সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ফিলিং স্টেশনে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

বগুড়া শহরের দত্তবাড়ীর শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে ইকবাল হোসেন (২৫) নামে এক ক্যাশিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ইকবাল সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ফিলিং স্টেশনে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, শনিবার রাতের শিফটে ইকবাল ও বিক্রয় সহকারী রতন দায়িত্বে ছিলেন। সকালে আরেক কর্মচারী কাজে এসে অফিস কক্ষের মেঝেতে রক্তাক্ত অবস্থায় ইকবালের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে বিক্রয় সহকারী রতন নিখোঁজ রয়েছেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা বা অর্থ লুটের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্তে বিস্তারিত জানা যাবে বলে আশা করছে পুলিশ।

আরও