হাদির ওপর গুলি 'বিচ্ছিন্ন ঘটনা', নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই: সিইসি

‘আপনারা সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে নির্বাচনের প্রস্তুতি নিন।'

সিইসি বলেন, ‘এই যে হাদির ওপর একটি ঘটনা ঘটেছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। অতীতেও এমন ঘটনা ঘটেছে। আহসানউল্লাহ মাস্টার বা সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার ঘটনাও তার উদাহরণ। বাংলাদেশে এমন ঘটনা নতুন কিছু নয়।‘

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর তফসিল ঘোষণার একদিনের মাথায় রাজধানীর বিজয়নগরে গুলির ঘটনায় উদ্বেগ থাকলেও নির্বাচন কমিশন তা ‘বিচ্ছিন্ন’ ঘটনা হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুই-একটা খুন খারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।

আজ সোমবার সকালে রাজধানীর গুলশান-১ এ আলোকিতে আয়োজিত ‘জেনভোট ফেস্টিভ্যাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, ‘এই যে হাদির ওপর একটি ঘটনা ঘটেছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। অতীতেও এমন ঘটনা ঘটেছে। আহসানউল্লাহ মাস্টার বা সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার ঘটনাও তার উদাহরণ। বাংলাদেশে এমন ঘটনা নতুন কিছু নয়।‘

তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের কোনো অবনতি হয়নি। মাঝেমধ্যে দুই-একটি খুনখারাবি হয়, তবে এগুলো বিচ্ছিন্ন। বরং ৫ আগস্ট বা ২০২৪ সালের তুলনায় এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তখন থানাগুলো অকার্যকর ছিল, পুলিশ স্টেশনও নড়ছিল না। এখন আমরা শান্তিতে চলাফেরা করতে পারছি, রাস্তায় চলতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি।‘

সিইসি জানান, নির্বাচন কমিশন এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। বাহিনী নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সিইসি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। আমরা সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন অনুষ্ঠিত হবে, সবাইকে সঙ্গে নিয়ে এবং সবার সহযোগিতায়। গতকালই আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। তারাও পুরোপুরি প্রস্তুত।‘

তিনি আরো বলেন, ‘আপনারা সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে নির্বাচনের প্রস্তুতি নিন। সঠিক সময়ে, সঠিকভাবে একটা সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন আমরা দেখতে পাব।‘

আগামী নির্বাচনকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে সিইসি বলেন, ‘প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন, যা গত ৫৪ বছরেও হয়নি।‘

তিনি জানান, প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্যও পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। এমনকি কারাবন্দি ও নিজ নিজ ভোটকেন্দ্রের বাইরে পোস্টিংয়ে থাকা সরকারি কর্মচারীদেরও এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

আজকের এ অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) ফিলিপ বার্নিয়ার আর্ক্যান্ড, বৃটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ইভা স্মেডবার্গ, আইএফইএস কান্ট্রি ডিরেক্টর পল গেরিন এবং নির্বাচন কমিশনের সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।

আরও