সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ১০ থেকে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

বৈরী আবহাওয়ার সুযোগে সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ১০ থেকে ১২ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের এ চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার সকালে প্রচণ্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীর মধ্যস্থ চর এলাকায় (ছোট) বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট এলাকায় ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিড বোটে অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। বিষয়টি নজরে এলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে স্পিড বোটে ঘটনাস্থলে পৌঁছে পুশ-ইনে বাধা দেয়। পরে সকাল ১১ টার দিকে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের ভারতের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা, প্রচলিত আইন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী যেকোনো পুশ-ইনের অপচেষ্টা ১৭ বিজিবি কর্তৃক কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।

তিনি আরো বলেন, পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম বহুগুণে জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১৭ বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আরও