চলতি বছরের জুলাই মাসের মতো আগস্টেও ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকবে। সে হিসেবে আগস্টে প্রতি লিটার ডিজেল ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোল ১১৮ টাকায় কিনতে পারবেন ভোক্তারা।
আগামীকাল শুক্রবার নতুন এই দর কার্যকর হবে জানিয়ে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক অফিস আদেশ জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
এতে বলা হয়, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যের হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য, ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ তুলনামূলক সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করা।
এর আগে জুন মাসের জন্য কেরোসিনের দাম লিটার প্রতি ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা কমিয়ে ১০২ টাকা এবং অকটেন ও পেট্রলের দাম ৩ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২২ টাকা ও ১১৮ টাকা নির্ধারণ করে সরকার।