স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের একটি গ্রুপ এ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। ওই সময় আমাদের দেশে জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছিল, তবে আমাদের দেশের নিরাপত্তায় যারা আছে তাদের সব কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছে।
গতকাল দুপুরের দিকে হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মেজর জিয়া ও আকরামকে আমরা খুঁজছি কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে সে অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির হোসেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয়, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।