গুজবে কান না দেয়ার আহ্বান

সরাইলে শিশু উদ্ধারের নেপথ্যে বল কুড়াতে গিয়ে দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৮ বছরের এক শিশুকে রক্তাক্ত ও গলাকাটা জীবিত অবস্থায় উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এটি কোনো হামলা বা অপরাধমূলক ঘটনা নয়, বরং খেলার সময় দুর্ঘটনাবশত রডের আঘাতে শিশুটি আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

গতকাল বিকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় রাহাত মিয়া (৮) নামে এক শিশুকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় হাঁটতে দেখেন স্থানীয়রা। তার গলার ক্ষত দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাহাত উপজেলার সৈয়দটুলা পশ্চিম পাড়া গ্রামের আসাদ আলীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির গলার ক্ষত বেশ গভীর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই সরাইল থানা পুলিশ তদন্তে নামে। সরাইল থানার ওসি (তদন্ত) মো. জহিরুল ইসলাম তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

​তদন্তে জানা যায়, রাহাত বিকেলে সৈয়দটুলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করছিল। একপর্যায়ে বল আনতে গিয়ে স্কুলের দেওয়ালে থাকা রডের সঙ্গে লেগে তার গলা কেটে যায়। আহত হওয়ার পর বাবার ভয়ে সে বাড়িতে না গিয়ে পাঠানপাড়া এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরাঘুরি করছিল। ওই সময় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়। কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আরও