চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী অভিযান চালয়ে এক সপ্তাহে ২৪৯ জন অপরাধীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় গত ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ সব অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, একাধিক মামলার আসামি, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, দালাল চক্রের সদস্য, ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুতকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ীসহ মোট ২৪৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের কাছ থেকে ৬টি অবৈধ অস্ত্র, ১০২টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, পাসপোর্ট, অবৈধ বৈদেশিক মুদ্রা, এনআইডি, চোরাই মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, সিমকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়। তাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনাক্যাম্পে ক্যাম্পে তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়েছে।