টানা তিন দিনের বৃষ্টি ও দমকা বাতাসে স্থবির হয়ে পড়েছে ঝালকাঠির কাঠালিয়ার বাসিন্দাদের জীবন। বিষখালী নদীর পানি ৩ থেকে ৪ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। এমন পরিস্থিতিতে বেড়িবাঁধ না থাকায় নদী-তীরবর্তী ১২ গ্রামের মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।
শনিবার (৩১ মে) উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, উপজেলা পরিষদ ও এর আশপাশের সড়ক পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বিঘ্ন ঘটছে যান চলাচলে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না বাসিন্দারা।
উপজেলা সদর আমুয়া বন্দর, মরিচবুনিয়া, কৈখালী বাজার, বানাই হাট, সাতানী বাজার, সেন্টারের হাটের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। বিষখালী নদীতীরবর্তী আমুয়া, হেতালবুনিয়া, মশাবুনিয়া, জয়খালী, কাঠালিয়া সদর, বড় কাঠালিয়া, কচুয়া, সোনারবাংলা, তালগাছিয়া, রঘুয়ারচর, রঘূয়ারদড়ি চর, আওরাবুনিয়া ও জাঙ্গালিয়া গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠসহ ফসলি জমি প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে উপজেলা সদরের দক্ষিণ আউরা আশ্রয়ণ প্রকল্পের অর্ধশত ঘর।
উপজেলার তালগাছিয়া গ্রামের কৃষক আবদুস ছালাম বলেন, তিল ও মুগডালের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। হাঁস-মুরগী ও গবাদি পশু নিয়ে রীতিমতো বিপদে পড়েছেন তারা।
বড় কাঠালিয়া গ্রামের হালিম সিকদার বলেন, বিষখালী নদীতে বাঁধ না থাকায় নিম্মাঞ্চল প্লাবিত হওয়ায় গ্রামবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়া হবে।