ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। এদিন সকাল ১১টায় কলেজের মূল ভবনের সামনে নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. ওবায়দুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি ভিপি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি।
নবীনবরণ শেষে বিকাল ৩টার দিকে কলেজের দক্ষিণ ক্যাম্পাসের মাঠে কনসার্ট শুরু হয়। এতে ব্যান্ড হাইওয়ের পাশাপাশি স্থানীয় সংগীতশিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠান ঘিরে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
এর আগে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজনের বিষয়ে আপত্তি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। পরে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হস্তক্ষেপে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতা হয়।
সমঝোতার পর কলেজের দক্ষিণ ক্যাম্পাসের ভেতরের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সম্মতি জানায় কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতারা। ওই সমঝোতার ভিত্তিতেই সোমবার অনুষ্ঠিত হয় নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।