ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী আন্তঃনগর ‘অগ্নিবীণা এক্সপ্রেস’-এর ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প রুট হিসেবে গৌরীপুর, কিশোরগঞ্জ ও ভৈরব হয়ে ঢাকার উদ্দেশ্যে ময়মনসিংহ ছেড়েছে যমুনা এক্সপ্রেস।
সোমবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা সালটিয়া মাঠখোলা এলাকায় রেললাইনের প্রায় ২১ ফুট অংশ তুলে ফেলায় এ দুভোর্গ দেখা দিয়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকায় কিছু ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। লাইন মেরামতের কাজ চলছে।
ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ হয়ে পড়ায় ঢাকা-তারাকান্দি রুটের আন্ত:নগর অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫নং), তারাকান্দি-ঢাকা রুটের আন্ত:নগর অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৬নং), দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটের আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৪নং) ও নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকা রুটের আন্তঃনগর হাওর এক্সপ্রেস (৭৭৮নং) ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হয়েছে।
এসব ট্রেনের টিকিটের মূল্য ফেরত পেতে অনলাইনে লগইন করে রিফান্ড গ্রহণের জন্য অনুরোধ করা আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ময়মনসিংহ রেলওয়ের পরিবহন পরিদর্শক শাহীনূর ইসলাম বলেন, উদ্ধারকারী ট্রেন উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধারকাজ শেষ হতে আরো দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। বিকেল নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
স্থানীয় পুলিশ ও রেলওয়ে সূত্রের দাবি, নাশকতার উদ্দেশেই এ ঘটনা ঘটানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।