গোপালগঞ্জে চলমান কারফিউ আংশিকভাবে শিথিল করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
কারফিউ শিথিলের ফলে গোপালগঞ্জ শহরের বিভিন্ন রাস্তাঘাট ও বাজার এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা বেড়েছে। সকাল থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দোকান ও বাজারে ভিড় করছেন স্থানীয়রা। তবে স্বাভাবিক সময়ের তুলনায় মানুষের চলাচল এখনো অনেকটাই কম।
এদিকে, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় গোপালগঞ্জের সব ধরনের মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। হোটেল ও রেস্তোরাঁগুলোও খোলা হয়নি। ফলে শহরে পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি।
গত বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ ঘিরে দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হন।