গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। এছাড়া বাসন থানাধীন ভোগরা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।
আজ সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেল তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে শ্রমিকরা। এসময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।
এবিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক ছিল। সাড়ে ৯টার দিকে গাছা থানায় এলাকায় ২- ৪ হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরে তাদের টিয়াল সেল ছুঁড়ে সরিয়ে দেয়া হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকে শ্রমিকরা এসেছিল, তাদেরও সরিয়ে দেয়া হয়েছে।
মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, দুষ্কৃতিকারীরা মহাসড়ক অবস্থান নিয়ে অবরোধ করার চেষ্টা করে। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। তবে এখন পর্যন্ত কোনো আটক নেই।