কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত

দেশের বিভিন্ন জেলায় কিশোর গ্যাং সন্দেহে গ্রেফতার হওয়াদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কারাগারগুলোতে চাপ বেড়েছে বলে কেন্দ্রীয় কারা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন।

কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় ইউএনওকে সভাপতি ও থানার অফিসার ইনচার্জকে (ওসি) সদস্য সচিব করে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে কমিটির কার্যপরিধি, সদস্য সংখ্যা বা কবে নাগাদ কমিটি গঠন সম্পন্ন হবে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি। এসব বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান।

গত সপ্তাহে কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে পাঁচ শতাধিক কিশোরকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাঁদপুরেও কিশোর গ্যাং সন্দেহে ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মাসে চট্টগ্রামে সবজি বিক্রেতা হৃদয়ের (১৬) খুনের ঘটনার পেছনে কিশোর গ্যাংয়ের ‘সিনিয়র-জুনিয়র’ বিরোধের জের রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত ৬ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া শহরে ‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করার পর পুলিশ তাদের পরিবারের জিম্মায় দিয়ে দেয়।

দেশের বিভিন্ন জেলায় কিশোর গ্যাং সন্দেহে গ্রেফতার হওয়াদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কারাগারগুলোতে চাপ বেড়েছে বলে কেন্দ্রীয় কারা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ গত সেপ্টেম্বরে এক অনুষ্ঠানে বলছিলেন, মোহাম্মদপুর, মিরপুর, পল্লবী এলাকায় কোনো কিশোর গ্যাং থাকবে না। বিভিন্ন স্পটে অভিযান জোরদার করার নির্দেশ দিয়ে বলেছিলেন, যত পুলিশ লাগে তা দেয়া হবে। তারই ধারাবাহিকতায় এবার উপজেলায় উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও