চট্টগ্রামে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণ সরকারের অগ্রাধিকার

কালুরঘাট শিল্প এলাকার শ্রমজীবী নারীদের জন্য নির্মিত কেন্দ্রটি দ্রুত চালু করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান মন্ত্রী।

বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

গতকাল চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত ‘শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্র’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

কালুরঘাট শিল্প এলাকার শ্রমজীবী নারীদের জন্য নির্মিত কেন্দ্রটি দ্রুত চালু করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘কালুরঘাট শিল্প এলাকায় অন্তত দুই লাখ শ্রমিক কাজ করেন, যাদের একটি বড় অংশ নারী। শ্রমজীবী নারীদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসাসেবাসহ যাবতীয় সংকট নিরসনে এ স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ সময় মন্ত্রী নারী শ্রমিকদের জন্য নির্মিত হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ শ্রমকল্যাণ কেন্দ্রটি ঘুরে দেখেন। আরিফুল হক বলেন, ‘এ স্থাপনায় সরকারের কয়েকশ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। তবে নানা কারণে এটি এখনো চালু করা সম্ভব হয়নি। ভবনটির ভবিষ্যৎ কী হবে এবং কীভাবে এটি শ্রমজীবী নারীদের কল্যাণে ব্যবহার করা যায়, সে বিষয়ে আইনগত ও কারিগরি সব দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’

এ লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, এলাকার সংসদ সদস্য ও সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, শ্রমকল্যাণ সংস্থার কর্মকর্তারা, ঠিকাদারি প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও