যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। অন্য দেশগুলোকে শুল্কে আপাতত স্বস্তি দিলেও চীনের ওপর আরো বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণা অনুসারে, চীনা পণ্যের ওপর ১০৪ শতাংশের বদলে ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য করা হবে।
গতকাল ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করেছি। এ সময়ে পারস্পরিক শুল্কের হার কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।’ তিনি আরো বলেন, ‘বিশ্ববাজারের প্রতি চীনের অবজ্ঞার কারণে আমরা তাদের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করছি। আশা করি, ভবিষ্যতে চীন বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে শোষণের দিন শেষ।’
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ‘এ সিদ্ধান্তে পৌঁছতে ট্রাম্প অসাধারণ সাহস দেখিয়েছেন। আমরা বিশ্বের সব দেশকে বলেছি—আপনারা পাল্টা ব্যবস্থা না নিলে পুরস্কার পাবেন। যারা আলোচনায় আসতে চায়, আমরা তাদের কথা শুনতে প্রস্তুত।’
দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এক্সে একটি পোস্টে জানান, ‘ট্রাম্প যখন এ ঐতিহাসিক ঘোষণাটি লিখছিলেন, আমি ও বেসেন্ট তার সঙ্গে ছিলাম। বিশ্ব এখন ট্রাম্পের সঙ্গে মিলে বৈশ্বিক বাণিজ্য সংস্কারে আগ্রহী, কিন্তু চীন বিপরীত পথে হাঁটছে।’
এর আগেও যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। ২ এপ্রিল যুক্তরাষ্ট্র চীনের ওপর আরো ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে। এর একদিনের মাথায় ৪ এপ্রিল চীনও সমান হারে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ করে। তবে বেইজিং নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, সেটা প্রত্যাহার না করলে দেশটির পণ্যের ওপর আরো শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। মঙ্গলবার বিকালের মধ্যে মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারে আলটিমেটাম দেন তিনি। বেঁধে দেয়া সময়সীমার মধ্যে বেইজিং মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার না করায় অতিরিক্ত শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশে উন্নীত করে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের ওই ঘোষণার পরই চীন মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৮৪ শতাংশ করে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের মতে, আলোচনা না চালিয়ে পাল্টা শুল্ক আরোপ করার খেসারত দেবে চীন। বিশ্বের অন্যান্য দেশের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করা হলেও চীনকে এর বাইরে রেখেছেন ট্রাম্প।
ট্রাম্পের ঘোষণার পরই মার্কিন শেয়ারবাজারে দ্রুত ঊর্ধ্বগতি দেখা যায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬ দশমিক ৫ শতাংশ এবং নাসডাক সূচক ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
এদিকে শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভ্যারিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের বিষয়ে আমাদের আহ্বানে সদয় সাড়া দেয়ার জন্য ধন্যবাদ। আপনার বাণিজ্যিক কর্মসূচিকে সমর্থন জানিয়ে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’