ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলা শহরের দাতিয়ারা এলাকায় অবস্থিত পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে এই আগুন লাগে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে হঠাৎ করে সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুনে ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত করা যায়নি।