ঢাবিতে নন-ফিকশন বইমেলা শুরু শনিবার

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বণিক বার্তার প্রধান প্রতিবেদক মো. বদরুল আলম বলেন, বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে অষ্টমবারের মতো আয়োজন করছে নন-ফিকশন বইমেলা। শুধু নন-ফিকশন বই নিয়ে মেলার আয়োজন আমাদের জানা মতে দেশে এটিই একমাত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অষ্টমবারের মতো আয়োজন হতে যাচ্ছে নন-ফিকশন বইমেলা-২০২৪। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে আগামী শনিবার (২৮ ডিসেম্বর) থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ মেলা। বণিক বার্তা ও ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে এ আয়োজন করছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বণিক বার্তার প্রধান প্রতিবেদক মো. বদরুল আলম বলেন, বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে অষ্টমবারের মতো আয়োজন করছে নন-ফিকশন বইমেলা। শুধু নন-ফিকশন বই নিয়ে মেলার আয়োজন আমাদের জানা মতে দেশে এটিই একমাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ২৮ থেকে ৩০ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ মেলা। ২৮ ডিসেম্বর, শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক।

তিনি আরো জানান, নন-ফিকশন বইমেলা আয়োজনের অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে ব্যবসা, অর্থনীতিসহ গবেষণাধর্মী নন-ফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধি এবং এ ধরনের বই পড়ায় তাদের আগ্রহী করে তোলা। নন-ফিকশন বইমেলা এরই মধ্যে শিক্ষার্থী ও পাঠকমহলে সমাদৃত হয়েছে। পাশাপাশি পুস্তক বিপণনের ক্ষেত্রেও অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। দেশের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আগ্রহের সঙ্গে এ মেলায় অংশ নেয়।

২৮ থেকে ৩০ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে নন-ফিকশন বইমেলা প্রাঙ্গণ। এ বছর সর্বমোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। মেলায় অংশগ্রহণ করবে—অনন্যা, আদর্শ, অনুপম প্রকাশনী, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, অ্যাডর্ন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউস, আলোঘর প্রকাশনা, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লি., ঐতিহ্য, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, কোয়ান্টাম, গ্রন্থিক প্রকাশন, জাগৃতি প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, জয়তী, ডেইলি স্টার বুকস, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, দিব্যপ্রকাশ, দ্যু প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি., পাঠক সমাবেশ, প্রথমা প্রকাশন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাতিঘর, বাঙ্গালা গবেষণা, বেঙ্গলবুকস, মাওলা ব্রাদার্স, রকমারি, সংহতি প্রকাশন, সময় প্রকাশন, সাহিত্য প্রকাশ, সুবর্ণ, স্বরে অ ও হাওলাদার প্রকাশনী।

মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকরা। বইয়ের ক্রেতাদের জন্য মেলায় প্রতিদিন থাকছে র‌্যাফল ড্রর আয়োজন। র‌্যাফল ড্রয়ে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় সব পুরস্কার, যার মধ্যে আছে এয়ার টিকিট, স্মার্ট টেলিভিশন, রেফ্রিজারেটর, কিন্ডল, স্মার্টফোনসহ আরো অনেক কিছু।

গত বছরের মেলার ধারাবাহিকতায় এ বছরও ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪’ প্রদান করতে যাচ্ছে বইমেলা কর্তৃপক্ষ। মেলায় অংশ নেয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারকদের প্যানেল ২০২৪-এর দুটি নন-ফিকশন বই নির্বাচিত করবেন। মেলার শেষদিন সমাপনী অনুষ্ঠানে জুরিদের নির্বাচিত দুটি বইকে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪’ দেয়া হবে। উল্লেখ্য, গত বছরও ২টি বই ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৩’ পেয়েছিল।

৩০ ডিসেম্বর বেলা ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এ অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪’ এর জুরিবৃন্দ।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, ডিন হিসেবে আমি এবারই প্রথম নন-ফিকশন মেলায় যুক্ত হয়েছি। এর আগের সাতটি মেলার অন্তত পাঁচটিতে আমি উপস্থিত ছিলাম ও বক্তব্য রেখেছি। বিভিন্ন বইমেলায় গল্প-উপন্যাসের বিক্রি বেশি থাকে। কিন্তু এই নন-ফিকশন বইমেলায় ইতিহাস, অর্থনীতি, পলিসি মেকিং নানা ধরণের বই থাকে যে বিষয়ে জ্ঞান শুধু ছাত্র-ছাত্রীর নয়, অন্য অনেকের প্রয়োজন হয়। এ প্রয়োজন মেটানো নন-ফিকশন বইমেলার একটা উদ্দেশ্য। এসব বই সাংবাদিকদের জন্যও বিশেষভাবে প্রয়োজন।

এছাড়া তিনি অষ্টম নন-ফিকশন বইমেলা সফলভাবে সম্পন্ন করার এবং এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন বণিক বার্তার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ব্র্যান্ডিং মঞ্জুর হোসাইন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বণিক বার্তার যুগ্ম বার্তা সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলামসহ আরো অনেকে।

আরও