ফেনীতে পরিবেশমন্ত্রী

ধর্মীয় ভেদাভেদ নয়, সবার পরিচয় বাংলাদেশী

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘এবারের দুর্গা পূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। পূজার উৎসবে হিন্দু-মুসলমান সবাই একাকার হয়ে গেছেন।

ধর্মীয় ভেদাভেদ ভুলে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—ধর্মীয় পরিচয় যা-ই হোক, সবার বড় পরিচয় বাংলাদেশী।’

মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ফেনীর দাগনভূঞা পৌর শহর ও উপজেলার আটটি ইউনিয়নের প্রায় সব পূজামণ্ডপ পরিদর্শন করেন পরিবেশমন্ত্রী। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের পূজার সার্বিক খোঁজখবর নেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘এবারের দুর্গা পূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। পূজার উৎসবে হিন্দু-মুসলমান সবাই একাকার হয়ে গেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার বৈঠকে সবাইকে নিজ নিজ এলাকার পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য তাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের পাশাপাশি সারা দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ দায়িত্ব পালন করছেন।’

দাগনভূঞা পৌর শহরের দাসপাড়ায় উপজেলার প্রধান পূজামণ্ডপে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রিয় লাল দাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়জুল আজিম নোমান। এছাড়া জেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক সরোজ দত্ত ও সদস্য সচিব পলাশ দাসও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক উত্তম পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি নিতাই চরণ দাস ও পূজামণ্ডপের সাবেক সভাপতি দুলাল চন্দ্র দাস।

এর আগে সোমবার পরিবেশমন্ত্রী সোনাগাজী পৌর শহর ও উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মাহবুবউল করিম, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজাহান হোসাইন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসিম।

আরও