রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দাবি উঠলেও নিজে থেকে পদত্যাগের কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার)। সচিবালয়ে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পদত্যাগের বিষয়টি সরকারের হাতে ছেড়ে দিয়েছেন। কেবল নিয়োগকর্তা বললেই দায়িত্ব ছাড়বেন তিনি।
দুর্ঘটনার দিন পরীক্ষার্থীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবি তোলা হয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত আসেনি। পরে সোমবার রাত ৩টার দিকে ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা ফেসবুকে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার আধা ঘণ্টা পর একই তথ্য জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে গভীর রাত পর্যন্ত সময় লাগার ঘটনায় ক্ষুব্ধ করে তোলে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে তারা মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ করে।
শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করবেন কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে গতকাল উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘আমার পদত্যাগ চাওয়া হয়েছে। নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। কারণ এখানে আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার নিয়োগকর্তা রয়েছেন। তারা যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল, আমাকে যেতে বললে অবশ্যই চলে যাব। এখানে আক্ষেপ করার, নিজেকে জাস্টিফাই করার কিছু নেই।’
শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘ঊর্ধ্বতন কমিটির সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে অব্যাহতি দেয়া হয়েছে। এ সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না।’