সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এছাড়া ৪২ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
প্রতিবেদন অনুযায়ী, আজ হামের উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহের একজন করে রয়েছে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ জনের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে এ পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে।