রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের র্যাম্প ভেঙে নদীতে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। আজ সকালে সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।
জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং পল্টুনে দাঁড়ানো করভী ফেরিতে উঠতে গিয়ে র্যাম্প ভেঙে পদ্মা নদীতে ডুবে যায়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানা যায়নি।
এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহীবাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।