ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার কাইরন পোলার্ড। শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন পোলার্ড। সম্প্রতি মুম্বাইয়ের প্রধান কোচের পদ ছাড়েন জয়াবর্ধনে।
২০১০ সালে মুম্বাইয়ে হয়ে প্রথম আইপিএল খেলা শুরু করেন পোলার্ড। ২০২২ সালে মুম্বাইয়ের হয়ে সর্বশেষ খেলার পর আইপিএল থেকে অবসর নেন পোলার্ড। ১২ বছর মুম্বাইয়ের হয়ে খেলা শেষে একই দলের ব্যাটিং কোচ হন তিনি। ২০২৩ সাল থেকে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব পালন শুরু করেন এ ডান-হাতি ক্রিকেটার।
২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল এবং ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে মুম্বাই। মুম্বাইয়ের শিরোপা জয়ে বড় অবদান রাখেন পোলার্ড। আইপিএলে মুম্বাইয়ের হয়ে মোট ১৮৯ ম্যচে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩,৪১২ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে ৬৯ উইকেট শিকার করেন এ মিডিয়াম পেসার।
মুম্বাইয়ের কোচের দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে পোলার্ড বলেন, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের ব্যাপার। আমার জীবন ও কর্মজীবনের একটি বিশাল অংশ জুড়ে আছে মুম্বাই। এ দল-ক্রিকেটার ও সবার সাথে আমার যে বন্ধন, তা আমার কাছে অনেক বেশি মূল্যবান’
তিনি আরো বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিটি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সাথে নিবিড়ভাাবে কাজ করতে আমি মুখিয়ে আছি। দলের ঐতিহ্যকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং দলের প্রতিভা বিকাশে অবদান রাখতে হবে।
পোলার্ডের হাত ধরে মুম্বাই আবারো শিরোপার স্বাদ নিবে বলে আশা করছেন দলটির স্বত্বাধিকারী নিতা আম্বানি। তিনি বলেন, ২২ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন পোলার্ড। গত ১৬ বছরে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তিনি। ক্রিকেটার হিসেবে আমাদের অনেক অবিস্মরণীয় স্মৃতি উপহার দিয়েছেন পোলার্ড।
নিতা আম্বানি আরো বলেন, প্রধান কোচ হিসেবে পোলার্ড নতুন দায়িত্ব গ্রহণ করায় আমরা আনন্দিত। মুম্বাইয়ের জার্সি পরার অর্থ কি এবং এ দলের হয়ে খেলতে কি করতে হয়, এসবই জানে সে। আমি নিশ্চিত, কোচের ভূমিকাতেও নিজের নিষ্ঠা, বিশ্বাস এবং দৃঢ় সংকল্প বজায় রাখবে সে। দলকে পরের ধাপে নেতৃত্ব দেয়ার জন্য আমি তার সাফল্য কামনা করছি।
আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের হয়ে দায়িত্ব পালন শুরু করবেন পোলার্ড। আগামী মৌসুমের নিলামের আগে মুম্বাইয়ে খেলোয়াড় ধরে রাখার তালিকা চূড়ান্ত করবেন তিনি। প্রায় এক মাস পর গোয়ায় আইপিএলের নিলামে দল সাজানোর কাজে বড় ভূমিকা রাখবেন ৩৯ বছর বয়সী পোলার্ড।