নওগাঁর মান্দায় ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার ভারশোঁ বাজারের পাশ থেকে সারগুলো জব্দ করা হয়।
এর আগে সারগুলো তিনটি ভটভটিতে করে পরিবহনের সময় স্থানীয়রা আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ ও উপজেলা কৃষি অফিসার শায়লা শারমিন।
স্থানীয়রা জানান, উপজেলার দেলুয়াবাড়ি বাজারে ডিলারের কাছ থেকে ২০ বস্তা টিএসপি ও ৪০ বস্তা এমওপি সার কিনে পলিথিন দিয়ে ঢেকে তিনটি ভটভটিতে করে চৌবাড়িয়া হাটের দিকে নেয়া হচ্ছিল। দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের মাঝামাঝি ভারশোঁ গ্রামের বাজারের পাশে স্থানীয়দের মাঝে সন্দেহ হলে ভটভটি আটকিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সারগুলো দেলুয়াবাড়ি বাজারে ডিলারের থেকে কিনে রাজশাহী জেলার তানোর উপজেলার তালান্দো নেয়া হচ্ছিল বলে জানা যায়।
উপজেলা প্রশাসন ও কৃষি অফিসারকে জানানো হলে তারা ঘটনাস্থলে আসেন। মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, সারগুলো দেলুয়াবাড়ি বাজারে তিন ডিলারের কাছ থেকে বাইরের উপজেলার কৃষকরা কিনেছিল বলে জানতে পেরেছি। তবে ঘটনাস্থলে ক্রেতারা ছিলেন না। পরে সারগুলো জব্দ করে কুসুম্বা ইউনিয়নের পরিষদে নেয়া হয়েছে।