অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

র‍্যাগিং বরদাশত করা হবে না

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে উপাচার্য জানান, তারা একটি মানসম্মত ও নতুন মডেলের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চান, যা দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য দৃষ্টান্ত হয়ে উঠবে।

জুনিয়র শিক্ষার্থীদের শিষ্টাচার শেখানোর নামে কোনো ধরনের র‍্যাগিং বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী। তিনি বলেন, ‘র‍্যাগিংয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনে ছাত্রত্ব বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এমনকি মামলা করে আদালতের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।’

গতকাল দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আইন ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের কোর্স সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে উপাচার্য জানান, তারা একটি মানসম্মত ও নতুন মডেলের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চান, যা দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য দৃষ্টান্ত হয়ে উঠবে।

শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি গবেষণার সুযোগ তৈরিতে ডিজিটাল লাইব্রেরি স্থাপন করা হয়েছে। শিক্ষকদের গবেষণা কার্যক্রমও সমানতালে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ভিসি।

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, নওগাঁর মানুষের প্রত্যাশা ও আস্থার প্রতিদান দিতে ২০২৭ সালের মধ্যে জমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও সীমানাপ্রাচীর নির্মাণের কাজ এগিয়ে নিতে চান তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য পরিকল্পিত পাঁচটি স্বতন্ত্র ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মালিহা খানম, বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা কবির, আইন বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম সৌরভসহ শিক্ষার্থীরা বক্তব্য দেন। পরে কেক কেটে কোর্স সমাপনী উদযাপন করা হয়।

আরও