দিনাজপুরের বিরামপুরের শাড়ি কিনে দেয়া নিয়ে বাকবিতণ্ডায় স্ত্রীর পিঁড়ির আঘাতে মৃত্যু হয়েছে হাফিজুল ইসলাম (৬৫) নামে এক ব্যবসায়ীর। মঙ্গলবার (১৮ নশ্বের) সকালে উপজেলার দিওড় ইউনিয়নের কুচিয়ামোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রেহেনা বেগমকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, নবান্ন উৎসবের জন্য স্বামী হাফিজুলকে শাড়ি কিনে দিতে বলেছিলেন রেহেনা বেগম। এ নিয়ে সকালে দুজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রী রেহেনা বেগম কাঠের পিঁড়ি দিয়ে স্বামী হাফিজুলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রেহেনা বেগমকে আটক করা হয়েছে।’