কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যার শঙ্কা

সিলেট ও সুনামগঞ্জের দুটি স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আগামী কয়েক দিনে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা এবং কোথাও কোথাও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ শনিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) এবং মারকুলি (সুনামগঞ্জ) স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এছাড়া আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা ও কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বর্তমান পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী ২০ থেকে ২২ জুলাই ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কয়েকটি স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও