খালেদা জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনসমুদ্র

বুধবার সরেজমিনে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকালেই জানাজাস্থলে আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য ছুটে আসছেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সৃষ্টি হয়েছে জনসমুদ্র। দেশের নানা প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও অসংখ্য মানুষ রাজধানীতে এসেছে জানাজায় অংশ নিতে। ঢাকার রাস্তায় যানবাহন চলাচল সীমিত থাকায় মানিক মিয়া অ্যাভিনিউমুখী বিভিন্ন রাস্তায় এখনো দেখা যাচ্ছে জনস্রোত।

ছবি- নিজস্ব আলোকচিত্রী

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভীড় করছে মানুষ। যতই সময় গড়াচ্ছে ততই লোকসমাগম বাড়ছে। সকাল থেকে ঢাকার প্রবেশপথগুলো দিয়ে সারি সারি গাড়ি ঢাকায় প্রবেশ করেছে। দূর দূরান্ত থেকে আসা মানুষ খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে রওনা হচ্ছেন।

ছবি- নিজস্ব আলোকচিত্রী

টাঙ্গাইল থেকে এসেছেন ওয়াহিদুর রহমান। তিনি বলেন, ‘বাড়িতে বসে থাকতে পারিনি। প্রিয় নেত্রীর জানাজায় শরিক হতে ছুটে এসেছি।‘ মোহাম্মদপুরের বাসিন্দা নাজমুল আলম জানান, তিনি প্রায় সারা রাস্তা হেঁটে এসেছেন। পুরো পথে দেখেছেন কেবল মানুষ আর মানুষ। শীত উপেক্ষা করেই তারা নেত্রীকে অন্তিম বিদায় জানাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যাচ্ছে।

ছবি- নিজস্ব আলোকচিত্রী

কুড়িগ্রাম থেকে আসা বিএনপি কর্মী সাইফুল ইসলাম বলেন, 'গতকাল সকালে নেত্রীর মারা যাওয়ার কথা শুনে গতকাল দুপুরে ঢাকায় রওনা হয়েছি। রাতে যাত্রাবাড়ীতে এক আত্মীয়র বাসায় ছিলাম। সকালে ঘুম থেকে উঠে রওনা দিয়েছি। গাড়ি পাচ্ছি না তাই হেটেঁই যাচ্ছি। নেত্রীর জানাজায় অংশ নিতে হবে।'

ছবি- নিজস্ব আলোকচিত্রী

চাদঁপুর থেকে আসা আরেক কর্মী নাসির উদ্দিন বলেন, 'বাংলাদেশ এতবড় এক নেত্রী হারিয়েছে তার জানাজায় অংশ নিতে আসতে পারাটা অনেক বড় প্রাপ্য। আপসহীন খালেদা জিয়া সবসময় লড়াই করে গেছেন। তার এ মৃত্যু বাংলাদেশকে ভোগাবে।'

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ জানাজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও