চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অর্থনৈতিক খাতের মৌলিক কিছু সংস্কার কার্যক্রম শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, আমাদের সময় আরো কমে আসছে। ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে। তবে এ সময়ের মধ্যেই আমরা কিছু মৌলিক সংস্কার করে যাব। অর্থনৈতিক খাতের মৌলিক কিছু সংস্কার কার্যক্রম ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে ব্যাংকে একটু সময় লাগবে। দুর্বল ব্যাংক কী করবে কিংবা তাদের এসেট রিকভারি কীভাবে হবে ইত্যাদি কিছু জটিলতা আছে তাদের।
আজ বুধবার (২ জুলাই) রাজধানীর পল্টনে আয়োজিত এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া এওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। ইআরএফ কার্যালয়ে এ পুরষ্কার প্রদান আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশে প্রবৃদ্ধির অনেক ধরনের ন্যারেটিভ থাকলেও শিল্পের ভিত্তি এখনো কম। কর্মসংস্থান কিংবা পণ্য উৎপাদনে ছোট ও মাঝারি শিল্পের অনেক অবদান। কিন্তু সেটা স্বীকার করা হয় না। জিডিপিতে এসএমইর অবদান ২৬ শতাংশ বলা হয়। কিন্তু এটা খুব একটা ভালো সংখ্যা নয়। অনেক ক্ষেত্রে ৪০-৬০ শতাংশেরও বেশি আছে অবদান আছে এসএমইর।
এসএমইতে প্রযুক্তির ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাতুড়ি বাটাল দিয়ে তৈরি সেই প্রযুক্তির দিন চলে গেছে। সেটা দিয়ে গুণগত পণ্য তৈরি করা যাবে না। অনুন্নত দেশে বা স্বল্পোন্নত দেশ এখনো এসএমই প্রধান। আমাদেরও সেখানে যথেষ্ট সম্ভাবনা আছে।