ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নে অবস্থিত তিস্তা সেচ প্রকল্প এলাকার ডালিয়া পয়েন্টে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নদীর পানি বিপদসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানিপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় ব্যারাজের ৪৪ গেট খুলে দেয়া হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের মিটার রিডার (পানি পরিমাপক) মো. নুরুল ইসলাম বলেন, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় ব্যারাজের ৪৪টি কপাট খুলে দিয়ে পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, এরই মধ্যে তিস্তা তীরবর্তী বিভিন্ন চরাঞ্চল ও নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। অনেক স্থানে কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানি আরো বাড়লে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। অনেক পরিবার গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, আমরা সতর্ক আছি। আশা করছি, বন্যা হলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।