অপ্রতিম হত্যা

তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ

পুলিশ সূত্রে জানা গেছে, সিয়ামের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার সূধন্যপুর (নোয়াবাড়ি) এলাকায়। শুক্রবার অপ্রতিমকে হত্যার পর ওই দিন সন্ধ্যার পর সাইফুল ইসলাম ওরফে তুহিন প্রায় দেড় ঘণ্টা সিয়ামের সঙ্গে আড্ডা দেন। এ সময় তুহিন সিয়ামকে হত্যাকাণ্ডের বিস্তারিত জানান বলে পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের তথ্য জানার পরও তা গোপন রাখার অভিযোগে মো. সিয়াম (১৯) নামের একজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এ নিয়ে এ মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। তবে সিয়াম সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামান।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লার পুলিশ সুপার বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন। আজ সকালে সিয়ামকে গ্রেফতার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই কিশোরকে আদালতের আদেশ অনুযায়ী আজ গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম জানান, চার আসামিকে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত দুই কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর অনুমতি দিয়েছেন আদালত। অপর দুজন প্রাপ্তবয়স্ক হওয়ায় তারা কুমিল্লা কারাগারে থাকবেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সিয়ামের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার সূধন্যপুর (নোয়াবাড়ি) এলাকায়। শুক্রবার অপ্রতিমকে হত্যার পর ওই দিন সন্ধ্যার পর সাইফুল ইসলাম ওরফে তুহিন প্রায় দেড় ঘণ্টা সিয়ামের সঙ্গে আড্ডা দেন। এ সময় তুহিন সিয়ামকে হত্যাকাণ্ডের বিস্তারিত জানান বলে পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের তথ্য জানার পরও সিয়াম তা গোপন রাখেন। এ কারণে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়।

জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, হত্যাকাণ্ডের মূল হোতা সাইফুল ইসলাম ওরফে তুহিন অপ্রতিমকে হত্যার পর সিয়ামের সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দেন। এ সময় তিনি সিয়ামকে হত্যাকাণ্ডের বিস্তারিত জানান। বিষয়টি জানার পরও সিয়াম পুলিশকে না জানানোর কারণে তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে তিনি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি।

কুমিল্লা জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, রোববার রাতে সিয়ামকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার সকাল ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।

প্রসঙ্গত, শুক্রবার কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও