দেশের বাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন দেখা গেল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ বৈঠকে ভরিপ্রতি ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করেছে ভ্যাটসহ ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এতে পূর্ব মূল্যের তুলনায় বেড়েছে ৯ হাজার ৮৫৬ টাকা।
আজ সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৩১ জুলাই বাজুস ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল।
সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে ২২ ক্যারেট স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে বাড়ল। গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এটিই ছিল দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।
চলতি বছর এ নিয়ে ৯৮ বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। দাম বাড়ানো হয়েছে ৪৮বার, আর কমেছে ৪৯ বার এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার। তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রৌপ্যের দাম বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রৌপ্যের দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রৌপ্যের দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।